নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মাশরাফি লোহাগড়া আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।
সোমবার রাতে নড়াইল জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই তথ্য জানানো হয়। এর আগে দিনজুড়েই মাশরাফির ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজীর যৌথ নির্দেশনায় এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
