সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেই ভারতে বাংলাদেশে সামরিক আক্রমণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক। তার এই উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডা. মোহাম্মদ আলী মানিক লেখেন, ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টার কারণে রাশিয়া যেভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে, নিজ দেশের নিরাপত্তার স্বার্থে ভারতেরও এখন বাংলাদেশে ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।
একই পোস্টে তিনি আরও দাবি করেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আক্রমণ না করে ভারত একটি ‘বড় ভুল’ করেছিল। এখন যদি ভারত আবার একই ভুল করে, তবে তাদের সেই ভুলের চরম মাশুল গুনতে হবে।
তিন মুসলিম দেশের যৌথ সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান সংক্রান্ত খবর প্রকাশের পরই মার্কিন প্রবাসী এই আওয়ামী লীগ নেতার এমন মন্তব্য সামনে আসে। স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশি শক্তিকে আগ্রাসন চালানোর এই প্রকাশ্য আহ্বানের পর সাধারণ নাগরিক ও নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে।
