সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কনটেন্ট ক্রিয়েটর ও সমাজসেবক মো. হাসান (নাহিদ) বাদী হয়ে এই লিখিত অভিযোগপত্রটি জমা দেন।
দায়ের করা অভিযোগে প্রধান বিবাদী করা হয়েছে মিল্টন সমাদ্দারকে (৩৯)। এছাড়া তার প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে এতে আসামি করা হয়েছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ অভিযোগপত্রটি গ্রহণ করেন এবং বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) আল আমিনকে।
অভিযোগপত্র ও ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ আগস্ট বাগেরহাটের শরণখোলা থেকে এক পরিচয়হীন ও অসুস্থ বৃদ্ধাকে (৬৫) উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে সাভারের বিরুলিয়ায় অবস্থিত মিল্টন সমাদ্দারের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এ আশ্রয়ের জন্য যোগাযোগ করা হলে প্রথমে অপারগতা প্রকাশ করা হয়। তবে পরে সেবা প্রদানের বিনিময়ে প্রতি মাসে ১৮ হাজার টাকা দাবি করেন মিল্টন।
চুক্তি অনুযায়ী গত ২৫ আগস্ট রাত আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে আশ্রমে নিয়ে যাওয়া হলে মিল্টন সমাদ্দার, ম্যানেজার দেবাশীষসহ কয়েকজন বাদী মো. হাসান (নাহিদ) ও তার সঙ্গী মো. ইলিয়াস হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলা চলাকালে মিল্টন সমাদ্দার বাদীকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং তার সঙ্গীকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়।
পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে বাদীদের কাছ থেকে জোরপূর্বক একটি পক্ষপাতমূলক বক্তব্যের ভিডিও ধারণ করে আসামিরা। এরপর তাদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হলে তারা স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে সাভার থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান।
