জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা অবহেলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। শুক্রবার (২৮ আগস্ট) শাহবাগের শরিফ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশে ছাত্রদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, নিজেদের যোগ্যতা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হতে পারলে রাষ্ট্রীয় পর্যায়েও ইনসাফের সূচনা করা সম্ভব হবে।
অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে যাদের কর্মকাণ্ডের কারণে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারিত্বের মতো পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ছাত্রজীবনকে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শুধু একটি সাধারণ সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। এ সময়কে কাজে লাগিয়ে সততা, ন্যায় ও দক্ষতার গুণাবলি অর্জন করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
উক্ত বর্ণাঢ্য ছাত্র সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।







