জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ পালনে সরকারের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল চিঠিতে নজরুল বর্ষের লোগোর পরিবর্তে ‘মুজিব শতবর্ষ’র লোগো ব্যবহারের ঘটনা ঘটেছে। গত ১৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পাঠানো একটি চিঠিতে এই লোগো ব্যবহার করেন সহকারী পরিচালক তন্ময় বিশ্বাস।
আওয়ামী লীগ সরকারের আমলে নির্দেশিত ‘মুজিব শতবর্ষ’ লোগো ব্যবহারের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে এবং বর্তমানে এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ। তদুপরি, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক চিঠিতে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের পত্রে পুরনো লোগো ব্যবহার করায় প্রশাসনিক আদেশ লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।
আনসার-ভিডিপি ব্যাংক থেকে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানানো হলে পরবর্তীতে বিতর্কিত চিঠিটি প্রত্যাহার করে নেওয়া হয়। এই ঘটনা জানাজানির পর সহকারী পরিচালক তন্ময় বিশ্বাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও, কর্তৃপক্ষ এখনো কোনো প্রশাসনিক পদক্ষেপ নেয়নি। কেন্দ্রীয় ব্যাংকের একাংশের অভিযোগ, উচ্চপর্যায়ে আওয়ামী পন্থি কর্মকর্তাদের প্রভাবের কারণেই বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা চলছে।
বিতর্কের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক তন্ময় বিশ্বাস এটিকে অনাকাঙ্ক্ষিত ও ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করেছেন। তিনি জানান, কাজের অতিরিক্ত চাপের কারণেই অসাবধানতাবশত এই ভুলটি ঘটেছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
একই বিভাগের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ বিষয়টি একমত পোষণ করে জানান, এটি সম্পূর্ণ একটি ‘মানবিক ভুল’। বিভাগে কিছু পুরনো প্যাড অবশিষ্ট রয়ে যাওয়ায় এবং একই দিনে একাধিক চিঠি দ্রুত টাইপ করতে গিয়ে ভুলবশত পুরনো লোগো প্রিন্ট হয়ে যায়। ভুল চিহ্নিত হওয়ার পরপরই চিঠিটি প্রত্যাহার করে সংশোধিত নতুন চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় স্পষ্ট করা হয় যে, আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দাপ্তরিক চিঠিপত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগোই আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে।
