ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের আসন্ন উপনির্বাচনে নিজেদের প্রার্থী হিসেবে পুনরায় দেলাওয়ার হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তাঁকে ১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম সমাবেশে এ ঘোষণা দেন।

মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে চরম রাজনৈতিক নিপীড়ন ও নির্যাতনের শিকার হন। তৎকালীন সরকারের পুলিশি হেফাজতে তাঁকে টানা ৫৭ দিন রিমান্ডে রেখে ইলেকট্রিক শক প্রদান, প্লাস দিয়ে হাত-পায়ের নখ উপড়ে ফেলাসহ মারাত্মক শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বিগত সরকারের ভয়াবহ নির্যাতন, জেল-জুলুম ও রক্তচক্ষু উপেক্ষা করে দেলাওয়ার হোসেন রাজপথে টিকে ছিলেন। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবেই সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ১১ দলীয় জোটের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছিলেন, যেখানে দেলাওয়ার হোসেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়, যার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনসহ বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







