নেত্রকোণার মদন পৌরসভায় শত শত ডাস্টবিন বিতরণ না করে দুই বছর ধরে ফেলে রাখার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি ভবনটির ভগ্নদশা ও অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হন এবং এক পৌর কর্মকর্তাকে সরাসরি প্রশ্ন করেন, “হোয়াট ইওর প্রবলেম?”
পৌরসভার সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাবরকে জানান, ডাস্টবিনগুলো ২০২৪ সালে মদন পৌরসভায় পৌঁছায়। এ কথা শুনে অসন্তোষ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও কেন এগুলো ফেলে রাখা হয়েছে। এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য আনা হলেও দুই থেকে আড়াই বছর ধরে কেন পড়ে আছে—এ বিষয়ে তিনি কর্মকর্তাদের কাছে জবাবদিহি চান।
পরিদর্শনকালে পৌরসভার আরেকটি কক্ষে ময়লা-আবর্জনা জমে থাকতে দেখেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন লুৎফুজ্জামান বাবর। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে কক্ষের এমন পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দীর্ঘ দিন ধরে প্রশাসনিক অবহেলার কারণ জানতে চান তিনি। দিনব্যাপী সফরে তিনি মদন ও মোহনগঞ্জ পৌরসভার নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন এবং কর্মকর্তাদের মুখোমুখি করে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করেন।
এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত হাওর অঞ্চলের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জুবায়দা রহমান ডিগ্রী কলেজ’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং ওই এলাকার শিক্ষা বিস্তারে সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি জানান, হাওরাঞ্চলের ইজারা প্রথা সংক্রান্ত সমস্যার সমাধান কিছুটা সময়সাপেক্ষ হলেও তা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হবে; পাশাপাশি সড়কে চাঁদাবাজি বন্ধ ও সার্বিক অনিয়ম দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
