২০২৪ সালের ৪ঠা আগস্ট চাঁদপুরে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন আজাদ সরকার। ২০২৬ সালের ৩১শে আগস্ট এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত শহীদ আজাদ সরকারের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। শুধু তাই নয়, আক্রোশের বশবর্তী হয়ে তারা জুলাই শহীদ আজাদ সরকারের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভটি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ওপরের লাল ফলকটি খুলে নিয়ে যায়।
স্মৃতিস্তম্ভটি সরকারি সম্পত্তি হওয়ায় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) সরকার বাদী হয়ে মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করেছিলেন। তবে জেলা প্রশাসকের নির্দেশ সত্ত্বেও সংশ্লিষ্ট উপ-জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা বা মামলা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা সামাজিক শত্রুতা থাকলেও যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁর স্মৃতিস্তম্ভে হামলা ও ভাঙচুর চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনাটিকে কেন্দ্র করে সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে অবিলম্বে স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও শহীদপুত্রের ওপর হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।
