আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটের একটি মিলনায়তনে মহানগর জামায়াতের থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে তার নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ড. নূরুল ইসলাম বাবুল সততা, দক্ষতা ও নৈতিক চরিত্রের প্রতীক। তার বার্তা নগরীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে ইনসাফভিত্তিক ও আধুনিক সিলেট সিটি করপোরেশন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ জোরদারের নির্দেশ দেন জামায়াতের এই নেতা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল এবং সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।







