ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে ইসমাইলের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং ইতোমধ্যে তাঁর স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইসমাইল পেশায় বেকার ছিলেন। দুর্বৃত্তরা তাকে অন্য কোনো স্থানে শ্বাসরোধে হত্যা করার পর চলন্ত কোনো গাড়ি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। গাড়িগুলো আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।







