কেনিয়ার কাঁচামাল ব্যবহার করেও স্থানীয় শিল্প ও কর্মসংস্থান তৈরিতে প্রত্যাশিত ভূমিকা না রাখার অভিযোগে ভারতের টাটা কেমিক্যালসকে দেশটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। একই সঙ্গে কোম্পানিটির পরিবর্তে নতুন বিনিয়োগকারী এনে কাজিয়াদো অঞ্চলে কাচ ও রাসায়নিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো কাউন্টি সফরকালে রুটো বলেন, টাটা কেমিক্যালস ও এর পূর্বসূরি প্রতিষ্ঠানগুলো এক শতাব্দীরও বেশি সময় ধরে লেক মাগাদি থেকে সোডা অ্যাশ উত্তোলন করছে। তবে স্থানীয়ভাবে শিল্প স্থাপন ও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরিতে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত ভূমিকা রাখেনি।
রুটো বলেন, টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু এত দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা কোনো কারখানা বা উল্লেখযোগ্য শিল্প স্থাপন করেনি। এ অবস্থায় তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি অন্যদের দাস হয়ে থাকব?’
টাটা কেমিক্যালসের পরিবর্তে নতুন বিনিয়োগকারী আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা এবং একটি রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য শুধু কাঁচামাল উত্তোলন ও রপ্তানি নয়; বরং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বাড়ানো।
এর আগে গত ২৮ জুলাই কেনিয়ার খনিজবিষয়ক মন্ত্রণালয় টাটা কেমিক্যালসের মাগাদি মাইনিং কার্যক্রম স্থগিত করে। নিয়ন্ত্রক শর্ত পূরণ, রয়্যালটি হিসাব ও পরিশোধ, খনিজের স্থানীয় মূল্য সংযোজন, স্থানীয় কর্মসংস্থান এবং পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানিটির কার্যক্রমের বিষয়ে প্রশ্ন তোলা হয়।
তবে টাটা কেমিক্যালস সরকারের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়ে প্রযোজ্য নিয়ন্ত্রক বিধি মেনে চলার দাবি করেছে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, কেনিয়া সরকারের সঙ্গে আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করতে তারা আগ্রহী।
লেক মাগাদি থেকে উৎপাদিত সোডা অ্যাশ কেনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে দেশটি ২ লাখ ৫৪ হাজার ৭৭৯ টন সোডা অ্যাশ রপ্তানি করেছে। এর মোট রপ্তানি মূল্য ছিল প্রায় ৫ কোটি ৬৯ লাখ ডলার।
সূত্র: রয়টার্স ও বিবিসি
