৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভূমিকার সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বিএনপিকে জনগণের মতামত ও আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি বা দলের অহংকারের কারণে একটি পুরো জাতির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া উচিত নয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণভোট সংক্রান্ত জাতীয় সংলাপ’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজনীতিক, আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
শিশির মনির বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে পড়ে। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের সময় যে বার্তা ও বক্তব্য সামনে এসেছিল, তা ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। অথচ যারা এসব বার্তা সামনে এনেছেন, তাদের কৃতিত্ব স্বীকার করতেও দলটি আগ্রহী নয়।
বিএনপিকে ‘জনগণের দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের পছন্দ ও প্রত্যাশাকে দলটির স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা উচিত। আন্দোলনের স্লোগান ও বক্তব্য নিজেদের মতো করে নিয়ন্ত্রণ বা ব্যবহারের প্রবণতাও পরিহার করা দরকার। কয়েকজনের ব্যক্তিগত অহংবোধের কারণে জাতীয় ঐক্য ও দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে শিশির মনির বলেন, রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকারপ্রধানের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তিনি প্রকৃত রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করবেন, নাকি কেবল একজন সাধারণ রাজনীতিক হিসেবেই পরিচিত থাকবেন—সেটি তাঁর সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এনসিপি নেতা সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, তাজনুভা জাবিন, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।







