ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিকল্প ধারার চিকিৎসায় আলোচিত ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘হেলথ রেভুলেশন লিমিটেড’-এর বিরুদ্ধে ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের করা অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ-জামানকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্য সচিব করে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢামেক, বিএমইউ ও বারডেম হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি এবং মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অভিযোগটির সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্ত পরিচালনা করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. নূরুল ইসলাম জানান, ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের চিকিৎসাপদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ঘটনাগুলোর মূল কারণ খতিয়ে দেখতেই এই তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
