বিএনপিকে ‘ব্যর্থ বিরোধী দল’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে কোনো পরামর্শ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। জাতীয় পার্টির মতো এনসিপি কখনো ‘পোষা বিরোধী দল’ হবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে; এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। সভায় এনসিপির একাধিক কেন্দ্রীয় ও আঞ্চলিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বিএনপির অতীত আন্দোলনের সমালোচনা করে বলেন, ‘মার্চ টু ডেমোক্রেসি’র মতো লংমার্চ কর্মসূচিতে শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়েই পুরো আন্দোলন শেষ করে দেওয়া হয়েছিল, তারা সেই বালুর ট্রাকও সরাতে পারেনি। ফলে ব্যর্থ বিরোধী দল হিসেবে এনসিপির কার্যক্রম নিয়ে তাদের কোনো নসিহত বা পরামর্শ দেওয়ার অধিকার নেই। বিএনপি এনসিপিকে প্রতিরোধের চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সমালোচনার জেরে আটক এনসিপি কর্মী সিফাত আবদুল্লাহর প্রসঙ্গ তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ভাষার ব্যবহারে অসতর্ক হওয়ায় দল থেকে আগেই ওই কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সিফাত যে গালিগালাজ করেছেন তা এনসিপি সমর্থন না করলেও, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এক বছর আগের পুরোনো মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো এবং রিমান্ডে নেওয়ার তীব্র প্রতিবাদ জানান তিনি।
বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, মুখে বাকস্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সমালোচনা সহ্য করা হচ্ছে না। উপরে ক্ষমতার সুশীল বার্তা আর ভেতরে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে গ্রেফতার ও মামলা দেওয়ার এই দ্বিমুখী নীতি স্পষ্টত প্রতারণা ছাড়া কিছুই নয়।







