জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে শপথ গ্রহণের মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বহুপাক্ষিক ফোরটির সভাপতির দায়িত্ব নেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়। পরে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতির আসনে বসেন তিনি।
এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ড. খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়েছেন।
তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও বাংলাদেশ আসীন হলো। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে গত ২ জুন গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থা অনুযায়ী, এবারের সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন ড. খলিলুর রহমান।
পরে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ পরিষদ সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানানো হয়।
