ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘দৃশ্যশিল্পী সমাজ’। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন দেশের ১২২ জন বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিসেবী।
বুধবার (৯ সেপ্টেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে শিল্পীরা বলেন, রাজনৈতিক মতাদর্শ, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো শিল্পীকে বিদেশে বা দেশে এভাবে হেনস্তা ও সন্ত্রাসী হামলার শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের ন্যক্কারজনক ঘটনা স্বাধীন শিল্পচর্চা, মানবাধিকার ও ব্যক্তিসত্ত্বার মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের অন্যান্য মুক্তকামী শিল্পীদের মতোই বাঁধন অন্যায়, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন। কোনো শিল্পীর রাজনৈতিক মতামত বা বৈষম্যবিরোধী অবস্থান কারও পছন্দ না-ও হতে পারে, কিন্তু সেই অজুহাতে তাঁকে অপমান, হুমকি বা শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারও নেই।
দৃশ্যশিল্পী সমাজের মতে, মতপার্থক্য কখনো সহিংসতার মাধ্যম কিংবা কোনো ধরনের বৈধতা পেতে পারে না। বিশেষ করে একজন নারী শিল্পীকে প্রকাশ্যে লাঞ্ছিত করা বা তাঁর শিশুসন্তান ও পরিবারকে ভয়ভীতি দেখানো কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্যে কোনো শিল্পীকে নিশানা করে তাঁর কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বিবৃতিতে স্বাক্ষরকারী ১২২ জন শিল্পী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সংঘটিত এ ঘটনায় দ্রুত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত চালাতে হবে। দোষীদের অবিলম্বে আইনি প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখী করার জন্য ইতালীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
