রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, রাষ্ট্রীয় কার্যক্রম ও সরকারি দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ লেখা যাবে না। একইভাবে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
