ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সেখানে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন হর্ষবর্ধন শ্রিংলা।
শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, শেখ হাসিনা যা বলছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ক্ষেত্রে ভারত সরকারের অবস্থান তুলে ধরে তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনার এসব বক্তব্যের সঙ্গে নয়াদিল্লির কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দুই দেশের সম্পর্কের ভিত দীর্ঘদিনের এবং অত্যন্ত গভীর। বাংলাদেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণ ও অগ্রগতির স্বার্থেই ভারতের সঙ্গে একটি ইতিবাচক ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ভারত সর্বদা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও জানান, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গেই কাজ করা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কার্যকর কূটনৈতিক বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা দুই দেশের সম্পর্কের ধারাকে আরও শক্তিশালী করবে।







