তিন দশক ধরে ঝুলে থাকা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্যে নতুন করে আলোচনায় এসেছেন খল অভিনেতা আশরাফুল হক ডন। পাঁচদিনের রিমান্ডে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির দাবি, সালমান শাহ হত্যাকাণ্ডে ডনের জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ডনকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান। শুনানি শেষে আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেন।
সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় অনেক গোপন তথ্য জানার কথা থাকলেও জিজ্ঞাসাবাদে ডন মূল বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সিআইডি জানায়, ঘটনার আগে-পরে এবং মৃত্যুর সময় তাঁর গতিবিধি ও আচরণ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে তাঁর সরাসরি সম্পৃক্ততার বেশ কিছু সূত্র পাওয়া গেছে।
পূর্বে বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া এই অভিনেতাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। সিআইডি জানিয়েছে, ডনের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে মামলার অন্য আসামিদের মুখোমুখি দাঁড় করিয়ে তাঁকে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এদিকে একই দিন ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৯ম বারের মতো পিছিয়ে ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত অপমৃত্যুর মামলা বাতিল করে এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।
