পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে সকাল ১০টা থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। দেশের বিভিন্ন অঞ্চলের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের মিলনস্থলে পরিণত হবে এবারের আয়োজন।
আগামীকাল আসর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রফিকুল ইসলাম জানান, এবারের মাসব্যাপী মেলায় মোট ১৪৪টি স্টল থাকবে। এতে অংশ নেবে শতাধিক দেশীয় প্রকাশনা প্রতিষ্ঠান। পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থ, আন্তর্জাতিকভাবে খ্যাত বিভিন্ন বইয়ের অনুবাদ এবং ইসলামের নানা বিষয়ে মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।
এ ছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। শিশুদের জন্য থাকবে আলাদা শিশু চত্বর। পাশাপাশি মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থাও রাখা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। মোনাজাত পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব আব্দুল মালেক।
বাদ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।







