সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের অবস্থানের প্রশংসা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী।
একই সঙ্গে হেবা বা দানের নামে কোরআন-সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন না করার আহ্বান জানিয়ে সংসদে পাস হওয়া বিলটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাওলানা মুহিউদ্দিন রব্বানী।
তিনি বলেন, বিতর্কিত বিলটি নিয়ে সংসদে আলোচনার সময় বিরোধী দল শরিয়াহর পক্ষে অবস্থান নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই। তবে সরকারি দলে আলেম ও অভিজ্ঞ ব্যক্তিরা থাকার পরও কীভাবে শরিয়াহবিরোধী এমন একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলো, তা বোধগম্য নয়।
জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে ‘কালিমায়ে তায়্যিবা’ স্থাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একদিকে সংসদে কালিমা শোভা পাচ্ছে, অন্যদিকে সেই কালিমার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি অত্যন্ত পরস্পরবিরোধী বিষয়।
মাওলানা রব্বানী আরও বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী আলেমদের কাছে দোয়া নিতে গেলেও শরিয়াহর বিধান জানার জন্য তাদের কাছে যান না।
কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না—রাষ্ট্রপতির দেওয়া এমন আশ্বাসের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। তার ভাষায়, আশ্বাস দেওয়ার পরও ইসলামি বিধানের সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, অতীতেও ওলামায়ে কেরাম বিভিন্ন আন্দোলনে রাজপথে নেমেছেন এবং রক্ত দিয়েছেন। এবারও কোরআনের বিধানের বিরুদ্ধে কোনো বাধা এলে তা প্রতিহত করা হবে। অতীতের মতো এবারও এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
হেবা বা সম্পদ দানের বিষয়ে তিনি বলেন, মানবতার দোহাই দিয়ে বৃদ্ধ বয়সে বাবা-মায়ের সম্পত্তি হেবা করে দেওয়ার নতুন নিয়ম গ্রহণযোগ্য নয়। সম্পদের মালিক ব্যক্তি তার সম্পদ নিজের কাছেই রাখবেন। হেবা করতে হলে শরিয়াহসম্মত নিয়ম মেনেই তা করতে হবে।
অনুষ্ঠান থেকে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে রাষ্ট্রপতিকে স্বাক্ষর না করার আহ্বান জানান হেফাজতের এই নেতা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রপতি যদি বিলে স্বাক্ষর করেন, তাহলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বর্তমান সরকারকে ইসলামবান্ধব উল্লেখ করে মাওলানা মুহিউদ্দিন রব্বানী বলেন, যে সরকার সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে, তাদের কাছ থেকে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রত্যাশা করা যায় না। তাই সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত বিলটি অবিলম্বে বাতিল করতে হবে।







