বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা থাকলেও বর্তমানে আমরা নানা কারণে বিভক্ত। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানবতার জন্য কাজ করার মানুষেরও সংকট রয়েছে। এই ঘাটতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমেই পূরণ করা সম্ভব।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানা আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, দেশের রাজনৈতিক নেতৃত্বে দেশপ্রেমের ঘাটতি রয়েছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। একই সঙ্গে সততা, নৈতিকতা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আদর্শভিত্তিক রাজনৈতিক দলের কর্মীদের শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে হবে না। সততা, যোগ্যতা ও দেশপ্রেমের সমন্বয়ে তাদের আদর্শবান ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাও তৈরি করতে হবে।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরের কর্মীকে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনে দক্ষ, সৎ ও যোগ্য জনশক্তি গড়ে তোলা জরুরি। এজন্য নেতাকর্মীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।
হাতিরঝিল পশ্চিম থানা আমির জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
এ সময় থানা কর্মপরিষদ সদস্য মনিরুল ইসলাম, ড. আনোয়ারুল হক, থানা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসানসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
