রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গুলশান থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ৩ নম্বর সড়কের একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
