চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার মনজুর আলমের দুই সন্তান মিমতা ও মোর্শেদ, তাঁদের মামা আরাফাত শপিং কমপ্লেক্সের ‘নুরজাহান মেডিকো’র স্বত্বাধিকারী ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসের চালক মুন্না।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস কলেজ বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ইউটার্ন নিতে যাওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
