ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ আটকের পর সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা ও উপজেলা ছাত্রদলের নির্দেশে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সাথে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশ উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ অন্তর হাওলাদার ও তাঁর সহযোগী মো. জাহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
