রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৪ নেতাকর্মীর ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া অপর এক আসামিকে শিশু দাবি করায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে বয়স-সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২৫ আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষ যুক্তি দেখায় যে, মূল পরিকল্পনাকারী শনাক্ত ও অর্থের জোগানদাতাদের বের করতে তাদের জিজ্ঞাসাবাদ জরুরি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৪ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার দুপুরে গুলশান এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় মিছিলকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ককটেল নিক্ষেপ করা হয়, জবাবে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ককটেল। এ ঘটনায় গুলশান থানায় ১১৮ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
একই দিনে রাজধানীর কোতোয়ালি এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের নেতা অজিত ঘোষ কানাইয়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৬ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেটের সামনে মিছিলের ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।







