তৃণমূল পর্যায়ে শূন্য পদ পূরণের মাধ্যমে সাংগঠনিক পুনর্গঠন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলটির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও নির্ধারণ করেছে বিএনপি।
আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর উপনির্বাচনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী প্রচারণা
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মশারি সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে ঢাকার পাশাপাশি সারা দেশে বিএনপির পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ করা হবে।
রিজভী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসব প্রচারপত্র তৈরি করা হয়েছে। স্কুল, মাদ্রাসা ও হাটবাজারসহ বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালাবে বিএনপি।
শূন্য পদ পূরণে সাংগঠনিক পুনর্গঠন
বিএনপির সাংগঠনিক পুনর্গঠন নিয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকের মৃত্যু এবং বহিষ্কারের কারণে বেশ কিছু পদ শূন্য হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে যোগ্য নেতাদের পদোন্নতি দিয়ে দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে।
উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে ১৮ সেপ্টেম্বর
বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও নির্ধারণ করেছে বিএনপি।
রিজভী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে।
এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড তথা জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
