ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আসাদুল্লাহ হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর তাঁরা পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজখবর নেওয়া হচ্ছে।
তবে কোন পরিস্থিতিতে আসাদুল্লাহ হক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত নিশ্চিত করা হয়নি। এছাড়া নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
