একদিকে আলোকসজ্জা, চোখধাঁধানো আয়োজন আর মহাসড়কের ঝকঝকে রূপ রূপায়ণে ঢেকে ফেলা ভারতের দিল্লি; অন্যদিকে সেই চকচকে পর্দার আড়ালেই থেকে গেছে ঝুপড়ি, আবর্জনা আর দারিদ্র্যের নির্মম বাস্তব চিত্র। গত শনি ও রবিবার (১২-১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) সম্মেলনকে কেন্দ্র করে ভারতের দারিদ্র্যের এই আড়াল করার দৃশ্য নতুন করে আন্তর্জাতিক ও ঘরোয়া রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ উঠেছে, বিশ্বনেতাদের আগমনে রাজধানীর রাজপথের আশপাশে গড়ে ওঠা বস্তিগুলোকে রাতারাতি কাপড় ও সবুজ শিটের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। আমজনতা ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন—বিশ্বমঞ্চে প্রকৃত বাস্তবতাকে তুলে ধরার বদলে কেন এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা?
এই ইস্যুতে ভারতকে বিঁধে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি তীক্ষ্ণ কার্টুন প্রকাশ করে তোলপাড় সৃষ্টি করেছে দেশটির রাজনৈতিক দল ‘আম আদমি পার্টি’ (AAP)। কার্টুনটিতে দেখানো হয়—একটি আয়নার ওপর লেখা ‘ভিশন ২০৪৭’, যার ভেতর দেখা যাচ্ছে আধুনিক উন্নত ভারতের ঝকঝকে চিত্র; আর আয়নার বাইরে পেছনে পড়ে রয়েছে বস্তি ও ময়লার স্তূপ। কার্টুনটির মাধ্যমে দলটির প্রশ্ন—২০৪৭ সালের উন্নত ভারতের কথা বলা হলেও ২০২৬-এর দারিদ্র্যকে এখনই কেন পর্দার আড়ালে লুকাতে হচ্ছে?
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ (G20) সম্মেলনের সময়ও একইভাবে সবুজ পর্দা দিয়ে শহরের বস্তি ও আবর্জনা আড়াল করার সমালোচনার মুখে পড়েছিল প্রশাসন। তিন বছরের ব্যবধানে আরেকটি বড় আন্তর্জাতিক সম্মেলনে একই কৌশলের পুনরাবৃত্তি ঘটায় সমালোচনা করে বলা হচ্ছে—উন্নয়ন কি তবে কেবল ক্যামেরার ফ্রেমে সীমাবদ্ধ, নাকি মানুষের জীবনযাত্রায়?
