বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রইচ সেরনিয়াবাত ওই এলাকার মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে সড়কে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এ ঘটনায় পরবর্তীতে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। আব্দুর রইচ সেরনিয়াবাতকে সেই মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আব্দুর রইচ সেরনিয়াবাতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







