মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসলামের পবিত্রতম শহর মক্কার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মক্কার বাসিন্দা ও হজপালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপকে মালয়েশিয়া স্বাগত জানায়। এ বিষয়ে মালয়েশিয়া সৌদি সরকারের পাশে রয়েছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
জনবহুল এলাকা এবং বিশেষ করে পবিত্র স্থানগুলোর জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান আনোয়ার। একই সঙ্গে উত্তেজনা কমাতে সব পক্ষকে দ্রুত আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
তবে মক্কার পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। তারা এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।
