ভারতে আশ্রয় নিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন, গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন। উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন।
সাক্ষাৎকালে বিদ্যমান নানা চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত কথা বলেন দুই প্রতিনিধি।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা একমত পোষণ করেন যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।
