জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালে হার্টের রিং বেশি দামে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগও আসে। এসব অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে—এমন কয়েকজন রোগীর ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী লেনদেন হয়েছে কি না, তা যাচাই করা হয়। এ জন্য দৈবচয়নের ভিত্তিতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে দুদকের টিম।
এ ছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়।
অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত নথিপত্র পর্যালোচনা ও বিশ্লেষণের পর এনফোর্সমেন্ট বিভাগ কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।







