স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কিছু সদস্য এখনো ‘ফ্যাসিবাদী শক্তির’ সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মানুষকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে। একই সঙ্গে ‘ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের’ আইনের আওতায় আনতে সহায়তাকারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। মেট্রোপলিটন, বিভাগীয় ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে। পাশাপাশি হেডকোয়ার্টার ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ বর্তমানে আধুনিক অপরাধ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কোনো কোনো দেশে মোট অপরাধের উল্লেখযোগ্য অংশ সাইবার অপরাধ বা স্ক্যামভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাই বাংলাদেশেও এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
