রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর জোন ও ঢাকা মহানগরী।
শনিবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এছাড়া মহানগরী মজলিসে শূরা সদস্য ডা. মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধাসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান অভিযোগ করেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতে লুটপাটের পাশাপাশি ভাঙচুর চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভ্য সমাজে রাতের আঁধারে একটি মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা মেনে নেওয়া যায় না।
হামলার সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর প্রশ্ন, ঘটনার সময় সরকারের প্রশাসন কোথায় ছিল? সরকার ও প্রশাসনকে ম্যানেজ করে এ হামলা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
মাহফুজুর রহমান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের ওপর এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষের ওপর যারা জুলুম করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
