নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু সদস্য অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে বলিহার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপনে জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া না গেলেও তাঁরা জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঝটিকা মিছিলের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে ছাত্রদল ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ১১ জনকে সেখান থেকে আটক করা হয় এবং ডিবি পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাঁদের হেফাজতে নিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, মিছিলের প্রস্তুতি চলাকালে তাঁদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। কোনো ধরনের নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত ছিল কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।







