টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ স্থানীয় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) সদস্যরা। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা।
গ্রেপ্তারকৃতরা হলেন—হেলাল মিয়া (৪২), আশরাফুল আলম (৩৯) এবং রাজু ইসলাম। এদের মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেতুয়া তিন রাস্তার মোড়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা (এসকট) দিয়ে নিয়ে যাওয়া একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে চালক ও সঙ্গীরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন।
উক্ত তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাথমিক তদন্তে এসআরবি জানায়, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত ও বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ আশপাশের অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
