ঝালকাঠির নলছিটিতে জুয়া খেলার সময় নগদ টাকা, মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) নামে এক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন হাওলাদার উপজেলার মালুহার গ্রামের মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোল্লারহাট ইউনিয়ন কমিটির একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি বিশেষ দল গোপালপুর এলাকার তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নেশাজাতীয় দ্রব্য ও নগদ টাকাসহ রিপন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মো. নাছির উদ্দিনসহ জুয়া খেলায় জড়িত আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর রিপনের ডোপ টেস্ট করা হলে তাঁর মাদক সেবনের প্রমাণ মেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করে রোববার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চিহ্নিত ও অজ্ঞাত আসামিদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
