পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সেতুর নিচ থেকে চুরির মালামালসহ তাঁদের হাতেনাতে আটক করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ চুরির ঘটনার সঙ্গে বিএনপি নেতা হেমায়েত বেপারির সরাসরি কতটুকু সম্পৃক্ততা রয়েছে তা যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা বিএনপির শীর্ষ নেতার আটকের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান এ বিষয়ে জানান, অপরাধের সঠিক তথ্য তদন্ত করে অভিযুক্ত হেমায়েত বেপারির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
