‘আমরা নির্বাচিত প্রতিনিধি না। দল আমাদেরকে নিয়ে এই চেয়ারে বসিয়েছে। এই এলাকার মানুষ আমাদেরকে চায় না। সেই জন্য আমরা এলাকার মানুষের চাইতে দলের মানুষকে প্রাধান্য বেশি দেব’— চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামানের এমন এক বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে জেলা পরিষদের প্রশাসককে সরাসরি দলীয় পক্ষপাতের বার্তা দিতে শোনা যায়। জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ ও সরকারি অনুদান সাধারণ নাগরিকরা পাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দলের নেতা–কর্মীর বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবে না। ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি–সেক্রেটারির সুপারিশ ছাড়া একটি অনুদানও মিলবে না।’
অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের কাছে পরাজিত হন মো. শরীফুজ্জামান। নির্বাচনে পরাজয়ের পরপরই সরকারি প্রশাসনিক পদে আসীন থেকে তাঁর এমন বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে আসায় জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
