প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি চলাকালে দিল্লিতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য ও নেতাকেও আটক করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।
এদিকে এই আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লির রাজপথ। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি তথা তরুণ মুখ নেহা বোরাসহ অনেক শিক্ষার্থী ও বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যন্তর মন্তরের পরিবর্তে আন্দোলনটি দিল্লি হাট এলাকায় স্থানান্তরের ঘোষণা দেওয়ার পরপরই পুলিশ এই কড়া পদক্ষেপ গ্রহণ করে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের এই ধারাবাহিক আন্দোলন ঘিরে পুরো দিল্লি জুড়েই বর্তমানে নজিরবিহীন নিরাপত্তা ও ধরপাকড় চলছে।







