কলকাতার একটি মুসলিম অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই চিঠির অনুলিপি প্রকাশ করার পর শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি উঠে আসে।
সাংসদ সমীরুল ইসলামের অভিযোগ, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতি নগর কলোনিতে (স্থানীয়ভাবে মোল্লাপাড়া নামে পরিচিত) পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কলোনিটি মুসলিম অধ্যুষিত হওয়ায় এখানকার প্রায় পাঁচ হাজার বাসিন্দা রাজনৈতিক ও ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন বলে চিঠিতে দাবি করা হয়।
বাসিন্দাদের ভাষ্যমতে, গত ২৯ জুলাই থেকে ওই এলাকায় পাইপলাইনের পানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পানি সংকট মোকাবিলায় স্থানীয়দের উদ্যোগে ট্যাংকারের মাধ্যমে সাময়িক ব্যবস্থা করা হলেও তা দৈনন্দিন চাহিদা পূরণে যথেষ্ট নয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ।
জাতিসংঘের কাছে দেওয়া চিঠিতে এমপি সমীরুল উল্লেখ করেন, নিরাপদ পানীয় জল মানুষের মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে পানির অধিকার থেকে বঞ্চিত রাখা নাগরিক পরিষেবার ব্যর্থতার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের শামিল। চিঠিতে তিনি জাতিসংঘকে এই সংকটের কারণ খতিয়ে দেখতে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে অনুরোধ জানান।
এদিকে, পানিবাহিত রোগ ও জনস্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও জ্যোতি নগর কলোনিতে পানি সরবরাহ বন্ধ থাকার বিষয়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষ বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সাথে এ চিঠির প্রেক্ষিতে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা-ও জানা যায়নি।
