সীমান্তে মাদক পাচারে নজরদারিতে ড্রোনের ব্যবহারের পর এবার নাফ নদীর তলদেশ দিয়ে ইয়াবা পাচারের এক চাঞ্চল্যকর ও অভিনব কৌশল উন্মোচন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাঠের তৈরি সাবমেরিনসদৃশ বিশেষ ডুবন্ত কনটেইনারের মাধ্যমে পানির নিচ দিয়ে বাংলাদেশে ইয়াবা নিয়ে আসার ঘটনায় ৩ পাচারকারীকে আটক করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী ও বালুখালী বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই চক্রটিকে আটক করা হয়। এ সময় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ১১ রাউন্ড গুলি, পানির নিচে চলার বিশেষ কনটেইনার, ৯টি কপিকল, প্রায় ২ কিলোমিটার দীর্ঘ স্টিলের তার, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে সাবমেরিনসদৃশ কনটেইনারটি নাফ নদী অতিক্রম করে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভেতরে ফাইস্যা খালে নিয়ে আসা হতো। বিজিবির ধারণা, এ ধরনের একেকটি কনটেইনারে একক চালানে প্রায় ৩০ লাখ ইয়াবা বহন করা সম্ভব।
বিজিবি জানিয়েছে, চালানের সরঞ্জামগুলো কোথায় তৈরি এবং এর সঙ্গে মিয়ানমারের মূল মাদক কারবারিদের কীভাবে যোগাযোগ রক্ষা হতো, সে বিষয়ে ব্যাপক তদন্ত চলছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২২৮ জনকে আটক করেছে।







