রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আসামিদের রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্য হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম। এর মধ্যে আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে, ওমর আলী চাকরিতে থাকাকালীন পূর্বেও মাদকসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেলের একটি কক্ষে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করা হয়। পরে ওই ঘরের খাটের নিচে লুকানো ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার জব্দ করা হয়।
আটকের পর জব্দকৃত আলামতসহ দুই পুলিশ সদস্যকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়া ও পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থার মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
