ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ায় বিপাকে পড়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরিস্থিতি সামাল দিতে পাইলট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তবে বিমান থেকে নামানোর পর অসুস্থ নারী রোগীকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঢাকায় অবতরণের পর তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, নিহত অঞ্জনা ভৌমিক ভারতের নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ড. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং তাঁর দুই স্বজন সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। সি-৯০এ (C90A) মডেলের বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল।
বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহ-পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন।
মাঝআকাশে কী কারণে বিমানের দরজা খুলে গিয়েছিল এবং এ ঘটনায় অন্য কোনো সমস্যা তৈরি হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
