রাষ্ট্রপতি ও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের দুর্গা দেবীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রাষ্ট্রপতির নামে প্রচারিত ‘গোটা পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ এবং বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের ‘মা দুর্গা স্বর্গ থেকে নেমে আসেন দুঃশাসন দূর করার জন্য’—এ ধরনের বক্তব্য ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী। পবিত্র কোরআনে আল্লাহর একত্ব ও অদ্বিতীয় হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাই মুসলমানদের তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা রাব্বানী আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি। তবে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং সেই ধর্মের বিশ্বাসকে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে এক করে দেখা এক বিষয় নয়। তাঁর মতে, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই প্রকৃত ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত হতে পারে।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের ধর্মীয় বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। রাজনৈতিক উদ্দেশ্য যা-ই থাকুক, ধর্মীয়ভাবে স্পর্শকাতর বিষয়ে কোনো বক্তব্য জনমনে বিভ্রান্তি বা উদ্বেগ তৈরি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে রাষ্ট্রপতি ও ড. আব্দুল মঈন খানকে তাঁদের সংশ্লিষ্ট বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার অনুরোধ জানান তিনি।







