বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাষ্ট্রীয় দমন-পীড়ন ও পুলিশের গুলির মুখে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের অকুতোভয় ভঙ্গি এবার ইউরোপের রাজপথে ফিরে এসেছে। সুদূর ফ্রান্সে চলমান বিক্ষোভে ফরাসি তরুণদের রায়ট পুলিশের মুখোমুখি হয়ে একই ভঙ্গিতে বুক চিতিয়ে দাঁড়াতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্সে সশস্ত্র রায়ট পুলিশের জলকামান, টিয়ারশেল ও বন্দুকের সামনে এক বিক্ষোভকারী নির্ভীকভাবে দুই হাত প্রসারিত করে এগিয়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই অন্যান্য আন্দোলনকারীরাও তার পাশে এসে একই ভঙ্গিতে বুক পেতে দিয়ে স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।
নেটিজেন ও বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের সেই সাহসিকতার দৃশ্য কেবল বাংলাদেশের সীমানাতেই আবদ্ধ নেই। ‘ওপেন-আর্মস’ বা উন্মুক্ত হাতের এই প্রতিরোধী ভঙ্গি এখন সীমান্ত, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের সাহসিকতা ও অধিকার আদায়ের সার্বজনীন প্রতীকে পরিণত হয়েছে।
