প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। রাষ্ট্রীয় এই সফরে হেফাজত নেতার অন্তর্ভুক্তি নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নাম থাকায় হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অনেকের মতে, সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সংগঠনের কোনো নেতার সফরসঙ্গী হওয়া সমীচীন নয়। এতে হেফাজতে ইসলামের অরাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনটিকে রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হতে হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
তবে রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। একজন আলেম হিসেবে দেশের সরকারপ্রধানের সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার অনুভূতি সত্যিই ভিন্ন ও অত্যন্ত আনন্দের। এই সফরে সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও জানান, সফরের সুযোগ কাজে লাগিয়ে ওলামায়ে কেরামের বিভিন্ন দাবিদাওয়া এবং ইসলামের সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা করতে চান তিনি। ধর্মীয় ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব সরকারের সামনে তুলে ধরারও পরিকল্পনা রয়েছে তার।
এ প্রসঙ্গে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “ওলামায়ে কেরামের পক্ষ থেকে যেন জাতীয় ও ধর্মীয় বিষয়গুলো যথাযথভাবে সরকারের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।”
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেওয়া হয়।
