ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচ প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা
উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
তবে নির্বাচনের আগের দিন বুধবার বিএনপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা পৃথক সংবাদ সম্মেলনে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
যেভাবে শূন্য হয় আসনটি
গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।
মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ এবং নারী ৩৮ জন।
