গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের একটি পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির সুনির্দিষ্ট অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুরে কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় অধ্যক্ষ নিজ বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর পৌনে ৩টার দিকে এক শিক্ষক তাঁকে ফোন করে জানান যে, ছাত্রদল নেতা সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা মিলে কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল এবং তিনটি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে অধ্যক্ষ দ্রুত কলেজে ছুটে যান এবং ঘটনার সত্যতা পান। এ সময় কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এছাড়া ওই ভবনের পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আনা প্রায় ২০০ কেজি রডও চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ও দাপ্তরিক সম্পদ এভাবে প্রকাশ্যে লুট বা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। পরে গভর্নিং বডির সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় আইনি ব্যবস্থা নেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির ঘটনায় অধ্যক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ছাত্রদল নেতা সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে এবং শুক্রবার তাঁকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।







